২৬ বৈশাখ, ১৪৩৩

১০ মে, ২০২৬

বগুড়ায় ট্রেনে নারীদের উত্যক্তের জেরে চারজন ছুরিকাহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ২:২৩ অপরাহ্ন
বগুড়ায় ট্রেনে নারীদের উত্যক্তের জেরে চারজন ছুরিকাহত

বগুড়ায় ট্রেনে নারীদের সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে  চারজনকে ছুরিকাঘাতের  ঘটনা ঘটেছে।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া রেল স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।


ছুরিকাঘাতে আহতরা হলেন  বগুড়া চকসূত্রাপুর এলাকার ফারুকের ছেলে  যোবায়ের হাসান (২৩), মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আব্দুস সালামের ছেলে নাঈম (১৮) এবং মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। এ ঘটনায় ১৫জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  


 বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

আহত যোবায়েরের বাবা ফারুক হোসেন বলেন,  সোনাতলা থেকে পিয়াল আর রিফাত পদ্মরাগ ট্রেনে বগুড়া আসতেছিল। সেই বগিতে সেউজগাড়ীর ইমন, মঈন, মুন্নাসহ চারজন যুবক একটি ব্যাগ রাখে। ব্যাগ দুই নারীর উপর পড়ে গেলে পিয়াল আর রিফাত ব্যাগ সরিয়ে রাখতে বলে। এসময় ইমন ও মঈন ওই নারীদেরকে উত্ত্যক্ত করে এবং পিয়াল ফারুককে স্টেশনে নেমে মারার হুমকি দেয়। এ ঘটনা যোবায়েরকে ফোন করে বিস্তারিত জানায় পিয়াল। পরে যোবায়ের স্টেশনে পিয়াল আর রিফাতকে নিতে যায়। ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় একদল সন্ত্রাসী   তাদের উপর ওপর হামলা করে চারজনকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় রাতেই মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।